বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো শোকবার্তায় শার্লি বোচওয়ে তাঁর শোক প্রকাশ করেন। বার্তাটি গত বুধবার লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন প্রকাশ করেছে।
শোকবার্তায় কমনওয়েলথ মহাসচিব বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে তিনি গভীরভাবে শোকাহত। কমনওয়েলথ পরিবারের পক্ষ থেকে প্রয়াত নেত্রীর পরিবারের সদস্যদের এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি।
শার্লি বোচওয়ে আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে খালেদা জিয়া ছিলেন প্রভাবশালী একজন নেতা। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি রাজনৈতিক নেতৃত্বে নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর নেতৃত্ব দেশের কল্যাণে অটল প্রতিশ্রুতি এবং দৃঢ় নেতৃত্বের প্রতিফলন ঘটিয়েছে।
শোকবার্তায় উল্লেখ করা হয়, খালেদা জিয়ার রাজনৈতিক ও মানবিক অবদান শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়; দক্ষিণ এশিয়া ও কমনওয়েলথভুক্ত দেশের নারীদের জন্য তিনি অনুপ্রেরণার প্রতীক ছিলেন।
খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পরদিন, ৩১ ডিসেম্বর, তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জিয়া উদ্যানে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।