ইসরায়েলের বিরুদ্ধে আগাম হামলার সতর্কবার্তা দিল ইরান

ইরান সম্ভাব্য ‘আগাম হামলা’ নিয়ে সতর্কবার্তা দিয়েছে

ইরান তার শত্রুদের বিরুদ্ধে ‘আগাম হামলা’ চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে। দেশটির নবগঠিত ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল গত মঙ্গলবার এক বিবৃতিতে এই সতর্কবার্তা জারি করেছে। এই ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ বা দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। কাউন্সিল জোর দিয়ে উল্লেখ করেছে, তারা কেবল আক্রমণের পর পাল্টা প্রতিক্রিয়াতেই সীমাবদ্ধ থাকবে না, বরং যে কোনো দৃশ্যমান হুমকির লক্ষণ দেখলেই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এই হুঁশিয়ারি এসেছে দুই দিন পর, যখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ইউনিটের সক্ষমতা যাচাই করতে সামরিক মহড়া চালিয়েছে।

ইরানে চলমান অর্থনৈতিক সংকট এবং মুদ্রার মানের পতনের কারণে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সেই অবস্থায় নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে, ঠিক তখনই এই বিবৃতি প্রকাশ করা হয়েছে।

২০২৫ সালের জুনে ইরান-ইসরায়েল সংঘাতের পর গঠিত এই ‘ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল’ বলেছে, দেশের নিরাপত্তা, স্বাধীনতা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষা তাদের জন্য ‘রেডলাইন’, যা কোনোভাবেই অতিক্রম করা যাবে না।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যেকোনো আগ্রাসন বা শত্রুতামূলক আচরণের কঠোর জবাব দেওয়া হবে। যারা আক্রমণ করবে, তাদের একই কায়দায় প্রতিহত করা হবে। তবে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি।

রাষ্ট্র-নিয়ন্ত্রিত ইংরেজি দৈনিক তেহরান টাইমসও আগাম আত্মরক্ষামূলক হামলার সম্ভাবনা উল্লেখ করেছে, যা কাউন্সিলের বার্তাকে পুনর্ব্যক্ত করেছে।

বিশ্লেষকরা মনে করছেন, ইতিমধ্যেই অস্থির মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির মধ্যে ইরানের এই হুঁশিয়ারি ইসরায়েলের সঙ্গে উত্তেজনা এবং আঞ্চলিক অস্থিরতা বাড়াতে পারে।

error: উরে বাবা!!